ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডাকসুর নির্বাচিত প্রতিনিধি শাহরিন সুলতানা ইরা এবার পেলেন এনসিপির কেন্দ্রীয় দায়িত্ব

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝিনাইদহের শাহরিন সুলতানা ইরা। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে দলটির ১৯৫ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একই বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্যা রহমতুল্লাহ।

শাহরিন সুলতানা ইরা ঝিনাইদহ শহরের অগ্নিবীণা সড়কের ব্যাপারীপাড়ার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

ছাত্ররাজনীতিতে সম্পৃক্ততার অভিজ্ঞতা নিয়ে পরবর্তী সময়ে তিনি জাতীয় রাজনীতিতে যুক্ত হন। ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন শাহরিন ইরা। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। দলটির আগের কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন কমিটিতে তাঁকে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শাহরিন ইরার নতুন দায়িত্বপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন এনসিপির ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. হামিদ পারভেজ মিয়া। তিনি বলেন, “শাহরিন ইরার এই নতুন দায়িত্বপ্রাপ্তি আনন্দের বিষয়। আমি তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। আশা করি, তাঁর অভিজ্ঞতা, মেধা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে খুলনা বিভাগে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তরুণ নেতৃত্বের বিকাশ, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি।”

শাহরিন সুলতানা ইরার নতুন এই দায়িত্ব পাওয়ার খবরে ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। তাঁর এ নিয়োগের মধ্য দিয়ে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রমে ঝিনাইদহের প্রতিনিধিত্ব আরও দৃশ্যমান হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *