জীবননগর থানার ওসি সোলায়মান শেখ’র ঝটিকা অভিযান  মোটরসাইকেলের গোপন চেম্বারে ৪৬ বোতল এসকাফসহ মাদক কারবারি গ্রেফতার 

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফসহ মোস্তাহিদুল ইসলাম ওরফে রিয়াদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো কালো রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা এসকাফের ওজন ৪ হাজার ৬০০ গ্রাম,যার  বাজার মূল্য ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাড় ১১ টারদিকে  জীবননগর বাজারের নারায়ণপুর মোড়ে সীমান্ত ইলেকট্রনিক্স দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জীবননগর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জীবননগর থানায় কর্মরত চৌকস পুলিশ অফিসার  উপ-পরিদর্শক (এসআই) শোভন দাস। এ সময় তাঁর সঙ্গে পুলিশের একটি দল ছিল।
পুলিশ জানায়,অভিযানের সময় মোস্তাহিদুল ইসলাম ওরফে রিয়াদের হেফাজতে থাকা মোটরসাইকেলটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মোটরসাইকেলটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৪৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যগুলো উদ্ধার এবং পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মোস্তাহিদুল ইসলাম ওরফে রিয়াদ মাগুরা সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুর রউফ মুন্সী এবং মায়ের নাম শাহনাজ পারভীন। পুলিশের তথ্য অনুযায়ী,তিনি বর্তমানে মাগুরা সদর থানার ইছাখাদা বাজারসংলগ্ন এলাকায় শাহানা খাতুনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশের দাবি,মোটরসাইকেলে গোপন চেম্বার তৈরি করে মাদক পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল। তবে উদ্ধার করা মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *