অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার,যশোর:

যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় অপসাংবাদিকতা, ভিত্তিহীন সংবাদ প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে নওয়াপাড়া প্রেসক্লাব।

সম্প্রতি কিছু নামধারী ব্যক্তি, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টাল এবং ফেসবুক-ইউটিউবের মাধ্যমে মানহীন ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে একটি মহল মূলধারার সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা এবং সমাজের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার, ব্ল্যাকমেইল ও সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। সম্প্রতি ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এ ধরনের অপতৎপরতা বন্ধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এবং অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমানের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও অভয়নগর থানার মাধ্যমে যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরও স্মারকলিপি পাঠানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সহ-সভাপতি মোজাফ্ফর আহমেদ, সহ-সভাপতি খায়রুল বাসার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সদস্য ও দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ-সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন এবং সদস্য গাজী রেজাউল করিম, আনিসুর রহমান ফারাজী, তাওহীদ হাসান উসামাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *