শৈলকুপায় কালীনদী থেকে দিনমজুরের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

সিরাজুল ইসলাম,শৈলকুপা(ঝিনাইদহ):
ঝিনাইদহের শৈলকুপায় কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামে এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কচুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীনদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কচুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীনদীর মাঝখানে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি তুষার পালের বলে শনাক্ত করেন।

নিহত তুষার পাল (৫৭) উপজেলার বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে ছিলেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, কালীনদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *