জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক চারটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করেছে। গত ১৫ ও ১৬ নভেম্বর পরিচালিত এসব অভিযানে মাদক কারবারি ও অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে মোট ১১ জনকে আটক করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে গয়েশপুর বিওপি’র সুবেদার মো. জামিরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭১-এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী ব্রিজের ওপর মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের রবিউল সরদারের ছেলে মো. অন্তর আহম্মেদ (১৯) ও একই গ্রামের মো.ইকবালের ছেলে মো.সায়মুন হাসান নিরব (১৮)।

একই দিন রাত ৯টা ২০ মিনিটে বেনীপুর বিওপি’র হাবিলদার মো. মাসুম এলাহীর নেতৃত্বে নিয়মিত টহল দল বেনীপুর বাজারের মোড় থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও একটি শিশু রয়েছে।
আটককৃত পুরুষরা হলেন—ঢাকার মিরপুরের অরম কৃষ্ণ বাড়ৈর ছেলে অসীম বরণ বাড়ৈ(৫২), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার(২৩),একই উপজেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার(২৩)এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমারের ছেলে শ্যামল কুমার সরকার(৪৮)।

অন্যদিকে, ১৬ নভেম্বর সকালে গয়েশপুর বিওপি’র হাবিলদার মো. মাহমুদের নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালানো হয়। সকাল ৭টার দিকে সীমান্ত পিলার ৬৮-এমপি হতে ১০০ গজ অভ্যন্তরে সোনামিয়ার আম বাগান থেকে মালিকবিহীন ৪০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। পরে সকাল ৮টা ৪০ মিনিটে সীমান্ত পিলার ৬৮/২-এস হতে ১৫০ গজ অভ্যন্তরে কালামিয়ার আম বাগান থেকে মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় ‘এস্কফ’ কাশির সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ভারতীয় কীটনাশক ও সিরাপ দর্শনা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।