সিরাজুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর বাবার পক্ষ থেকে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে তাঁর সন্ধান দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ওবায়দুল ইসলামের সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। বর্তমানে ওবায়দুল ইসলাম জীবিকার প্রয়োজনে বিদেশে অবস্থান করছেন। স্বামী প্রবাসে থাকায় ওই গৃহবধূ সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। স্বামী বিদেশ থেকে নিয়মিত সংসার খরচের টাকাও পাঠাতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ গৃহবধূর বাবা মো. ফজলুর রহমানের অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও তা অব্যাহত ছিল বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, গত ১৫ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন ওই গৃহবধূ। এ সময় তিনি একটি স্বর্ণের চেইন, এক জোড়া বালা, এক জোড়া কানের দুল এবং নগদ ২০ হাজার টাকা সঙ্গে নিয়ে যান বলে দাবি করেছেন তাঁর বাবা।
এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের ধারণা, তিনি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে অন্য কোথাও চলে গেছেন।
এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর বাবা মো. ফজলুর রহমান (৫০), পিতা মৃত হেতেম আলী, গ্রাম শ্রীপুর, ইউনিয়ন বাঁশবাড়িয়া, মহেশপুর, ঝিনাইদহ—মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে তাঁর পরিবার। কেউ তাঁর সন্ধান পেলে ০১৯১৪৯৬৩৩৪০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।