অপরিচিত ভিডিও কলের ফাঁদে ব্ল্যাকমেইল, নি:স্ব হওয়ার ঝুঁকিতে ভুক্তভোগীরা
নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:
সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির ভিডিও কলের ফাঁদে পড়ে ব্ল্যাকমেইল,মানসিক হয়রানি ও অর্থ আদায়ের শিকার হওয়ার ঝুঁকি বাড়ছে। সাইবার অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার জালে ফাঁসানোর চেষ্টা করছে।
অভিযোগ রয়েছে,অপরিচিত আইডি থেকে ভিডিও কল করে কৌশলে কথোপকথন বা স্ক্রিন রেকর্ড করা হয়। পরে ওই রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করা হয়। কখনো পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছে ভিডিও পাঠানোর হুমকিও দেওয়া হয়।
এ ধরনের প্রতারণার কারণে অনেকেই সামাজিক সম্মানহানি,মানসিক চাপ ও আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েন। অপরাধীরা ভুক্তভোগীর আতঙ্ককে কাজে লাগিয়ে বারবার অর্থ আদায়ের চেষ্টা করতে পারে।
সাইবার নিরাপত্তায় যেসব বিষয়ে সতর্ক থাকবেন:
১. অপরিচিত আইডি থেকে আসা ভিডিও কল গ্রহণ করা থেকে বিরত থাকুন।
২. ভিডিও কলে ব্যক্তিগত বা সংবেদনশীল কোনো তথ্য কিংবা দৃশ্য প্রকাশ করবেন না।
৩. অপরিচিত কাউকে ব্যক্তিগত ছবি, ভিডিও ও তথ্য পাঠাবেন না।
৪. ব্ল্যাকমেইলের শিকার হলে আতঙ্কিত হয়ে টাকা দেবেন না।
৫. সংশ্লিষ্ট আইডি, বার্তা, ফোন নম্বর ও অন্যান্য প্রমাণ সংরক্ষণ করুন।
৬. দ্রুত নিকটস্থ থানা, পুলিশের সাইবার অপরাধ সংশ্লিষ্ট ইউনিটের সহায়তা নিন।
সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা এখন সময়ের দাবি। অপরিচিত অনলাইন যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব। সচেতনতাই সাইবার অপরাধ প্রতিরোধের অন্যতম হাতিয়ার।