জীবননগরের গোয়ালপাড়ায় বিজিবির অভিযানে ১৭৩ বোতল ভারতীয় সিরাপসহ খালিশপুর বেলেমাঠপাড়ার রবিউল আটক 

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৩ বোতল ভারতীয় সিরাপসহ মোঃ রবিউল ইসলাম(৩৪)নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি আলমসাধু গাড়ি,একটি মোবাইল ফোন,একটি সিম কার্ড ও নগদ এক হাজার ৩৫ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে,গত শনিবার(২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের হঠাৎপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে অনুমান ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালানো হয়।

মহেশপুর ব্যাটালিয়ন(৫৮ বিজিবি)-এর অধীনস্থ নতুনপাড়া বিওপির সুবেদার মোঃ আলী হোসেনের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মোঃ রবিউল ইসলামকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর বেলে মাঠ গ্রামের মোঃ আযাহার আলীর ছেলে।

অভিযান কালে তার কাছ থেকে ১৭৩ বোতল ভারতীয় সিরাপ,একটি আলম সাধু গাড়ি,একটি মোবাইল ফোন,একটি সিম কার্ড এবং নগদ এক হাজার ৩৫ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করে আটক ব্যক্তিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকাটি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালিত হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *