সাইফুল ইসলাম প্রধান,রংপুর প্রতিনিধি:
গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে খুলনা জোন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি খুলনার বোয়ালখালী মুন্সিবাড়ির মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি অমর কুমার মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা জোন কমিটির সহসভাপতি শেখর চন্দ্র।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রধান। এ ছাড়া উপস্থিত ছিলেন কল্যাণ পরিষদের অভিভাবক শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা ভাতা, উৎসব বোনাস এবং অবসর গ্রহণের ১৫ বছর অতিবাহিত হওয়ার পর নিয়মিত পেনশনের আওতায় আনার দাবি জানান। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও প্রত্যাশিত সমাধান পাওয়া যায়নি।
বক্তারা আরও উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ বিভিন্ন সময়ে ঢাকাসহ দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে সম্মেলন ও কর্মসূচির মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। তাঁদের অভিযোগ, ২০০৪, ২০১৬ ও ২০১৮ সাল থেকে অবসরপ্রাপ্তদের একটি অংশ সরকার ঘোষিত প্রজ্ঞাপনের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বিষয়টি তাঁদের মতে, ন্যায়সংগত অধিকার ও মানবিক বিবেচনার সঙ্গে সম্পর্কিত।
বক্তারা জানান, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে অবসরপ্রাপ্তদের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তাঁরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্ট মহলের সদয় দৃষ্টি আকর্ষণ করে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে খুলনা জোন কমিটিকে ধন্যবাদ জানানো হয় এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ভবিষ্যৎ আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।