ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ পুলিশ সদস্যকে পুরস্কার অবসরজনিত বিদায়ে সম্মাননা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে অবসরজনিত বিদায় উপলক্ষে এক পুলিশ সদস্যকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। সভায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। আগের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি ও সমাধান নিয়েও পর্যালোচনা করা হয়। পুলিশ সদস্যদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ এবং প্রয়োজনীয় দাপ্তরিক সামগ্রী সরবরাহ করা হয়।
সভায় চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, পেশাগত দক্ষতা ও বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার দেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয় বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের কনস্টেবল লিয়াকত আলীর অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপার বিদায়ী সহকর্মীর হাতে স্মারক তুলে দেন।
সভায় বক্তব্যে পুলিশ সুপার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা,
পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি পুলিশ সদস্যদের আহ্বান জানান।
তিনি থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পসহ জেলা পুলিশের সব ইউনিটে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং নিয়মিত পুলিশি টহল বাড়ানোর নির্দেশনা দেন। পাশাপাশি ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশি দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়ে পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ,কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন),আরআই,পুলিশ লাইন্সের কর্মকর্তা,বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।