জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জননিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধের তথ্য আদান-প্রদান এবং স্থানীয় পর্যায়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সভায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব কার্যক্রম উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মানব পাচার প্রতিরোধ এবং আত্মহত্যার প্রবণতা রোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহিলাদের প্রতি যৌন নিপীড়নসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও সভার আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি উপজেলা পর্যায়ে উদ্ভাবনী কার্যক্রম (ইনোভেশন), তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) ব্যবহার এবং সরকারি সেবার মানোন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, স্থানীয় সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত নেওয়া হয়। এসব সমস্যা সমাধানে দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ওমর শরীফ ফাহাদ, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আরফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *