থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে আটক ঝিনাইদহের যুবলীগ নেতা

আবু সাইদ শওকত আলী,ব্যুরো প্রধান ঝিনাইদহ:
থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসের আলম সিদ্দিকী নামে ঝিনাইদহ জেলা যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আটক বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা শাখার সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে।

তিনি ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে। এ ছাড়া যশোর ও ঝিনাইদহ সীমান্ত ব্যবহার করে তার ভারতে যাতায়াতের তথ্যও পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সম্প্রতি দলীয় কর্মী-সমর্থকদের সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন বাসের আলম সিদ্দিকী। এরই মধ্যে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে আটক করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে আরও তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *