তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা ও ১৭ বছরের কাউন্সিলর জীবনের অভিজ্ঞতা নিয়ে উন্নয়নের প্রত্যাশায় মাঠে সক্রিয়
আবু সাইদ শওকত আলী,ব্যুরো প্রধান:
আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে এবার পৌরবাসীর সেবায় বৃহত্তর দায়িত্ব নেওয়ার প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন সাবেক কাউন্সিলর মোঃ ফারুক হোসেন (খোকন)। আসন্ন কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কোটচাঁদপুর পৌর বিএনপির টানা তিনবারের সাবেক সাধারণ সম্পাদক এই নেতা।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং জনপ্রতিনিধি হিসেবে ১৭ বছরের দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি ইতোমধ্যে গণসংযোগ, নির্বাচনী প্রস্তুতি ও পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তাঁর নির্বাচনী ভাবনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং পৌরবাসীর প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন।
রাজপথের সংগ্রাম থেকে জনপ্রতিনিধিত্ব
ছাত্রজীবনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হয় ফারুক হোসেন খোকনের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক এবং ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা তিনবার নির্বাচিত হয়ে কোটচাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১৭ বছর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মেয়র নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার
নির্বাচনী প্রস্তুতি ও উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে ফারুক হোসেন খোকন বলেন, “আমি কোটচাঁদপুর পৌরবাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। বর্তমানে মেয়র না হয়েও ব্যক্তিগত উদ্যোগে এলাকার রাস্তাঘাট ও কালভার্ট সংস্কারসহ গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সেবা করে যাচ্ছি। পৌরবাসী আমাকে মেয়র নির্বাচিত করে সেবা করার সুযোগ দিলে কোটচাঁদপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক সুবিধাসম্পন্ন মডেল পৌরসভায় রূপান্তর করব।”
রাজনৈতিক জীবনের ত্যাগ ও প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আমি সাবেক কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন জনগণের সেবা করেছি। জাতীয়তাবাদী দল বিএনপিকে হৃদয় দিয়ে ভালোবাসি এবং দলের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। দলের জন্য কাজ করতে গিয়ে আমার নামে একাধিক মামলা হয়েছে, বারবার হামলার শিকার হয়েছি। তারপরও রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে পিছিয়ে আসিনি।”
অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবায় অগ্রাধিকার
কোটচাঁদপুর পৌরসভার দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নাগরিক সেবার মানোন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে চান। এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।
তাঁর প্রত্যাশা, সরকারের সার্বিক সহযোগিতা এবং পৌরবাসীর সমর্থন পেলে কোটচাঁদপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।
পৌরবাসীর প্রত্যাশা, রাজনৈতিক অঙ্গনে আলোচনা
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের একাংশের মতে, রাজনৈতিক প্রতিকূলতার সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার কারণে ফারুক হোসেন খোকন এলাকায় পরিচিত মুখ।
আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন এবং শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন পেলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। তাঁর উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবে কতটা প্রতিফলিত হবে, তা নির্ভর করবে নির্বাচনী প্রক্রিয়া, দলীয় সিদ্ধান্ত এবং পৌরবাসীর রায়ের ওপর।