জীবননগর অফিস:
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস,নৈরাজ্য,অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল শোডাউন করেছে পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গত শনিবার বিকেলে আসরের নামাজের পর জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফির দোকানের সামনে থেকে শোডাউনটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফি। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোডাউনটি জীবননগর ট্রাফিক আইল্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। বক্তব্যে তিনি বলেন,আওয়ামী লীগ সন্ত্রাস,নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এসব অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দেশ ও জনগণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর কৃষকদলের সদস্যসচিব নাজমুর সবুর খান, যুবদল নেতা আজমত আলী, রনন ও সাইদুর রহমান,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান এবং জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন রিংকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।