জীবননগর সন্তোষপুর-দেহাটি সড়কে জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর–দেহাটি সড়কের পাশে অবস্থিত জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তুষার হোসেন(২৫) । তুষার হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে নিয়মিত কর্মচারী ছিলেন।

নিহতের সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টা থেকে শুক্রবার(১৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত তুষার হোসেন এবং তার সহকর্মী মো. মফিজুল হক (৪২) ডিউটিতে ছিলেন। রাতের এক পর্যায়ে কোল্ড স্টোরেজে ব্যবহৃত গ্যাসের প্রভাবে মফিজুল হকের চোখে জ্বালা ও অসুস্থতা দেখা দিলে তুষার হোসেন তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দেন। এরপর মফিজুল হক বিশ্রামে গেলে তুষার হোসেন একাই দায়িত্ব পালন করতে থাকেন।

এদিকে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হকের ঘুম ভাঙলে তিনি তুষারকে দায়িত্বস্থলে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোল্ড স্টোরেজের ভেতরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে পরে বাইরে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে ভবনের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তুষার কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে গুরুতর আঘাত পেয়ে নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আতিয়ার রহমান জানান,প্রাথমিক ভাবে এটি ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনা বলে মনে হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে কোল্ড স্টোরেজের মতো ঝুঁকিপূর্ণ স্থাপনায় কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ও তদারকি নিশ্চিত করার দাবি তুলেছেন সচেতন এলাকাবাসী।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *