মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,কোটচাঁদপুর পৌর শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সকাল ৮টায় কোটচাঁদপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান বলেন,
কোটচাঁদপুর ও মহেশপুর অঞ্চলের টেকসই উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষাকে উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন এবং এ লক্ষ্যে সম্মিলিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা এবং মে দিবসের চেতনা বাস্তবায়নের ওপর তিনি জোর দেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আইনগত অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুহাম্মদ মোয়াবিয়া হুসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়্যুম, ঝিনাইদহ-৩ আসনের কো-অর্ডিনেটর হৃদয় আহসান, মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলাম কামাল, সাবেক সেক্রেটারি উসমান গণি,মাওলানা ফারুখ হোসেন, মো. মিন্টু ঢালী, সোহেল রানা ও মাহফুজুল হক মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানো হয়।