জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

নারী নির্যাতন মামলার আসামী ও মাদক কারবারী আটক আদালতে প্রেরণ

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভাবে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার,সন্ত্রাস বিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার,মাদকদ্রব্য উদ্ধার এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ এর নেতৃত্বে জীবননগর থানা পুলিশ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। থানা পুলিশের চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (১৪মে)জীবননগর থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৯ (নয়) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নারী নির্যাতন মামলার আসামী,মাদক কারবারী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছে।

অভিযান চলাকালে থানা পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা একাধিক আসামীকে আটক করতে সক্ষম হন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। জীবননগর থানা পুলিশ জানায়,অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিশেষ করে মাদক,সন্ত্রাস,নারী নির্যাতন এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন-জীবননগর পৌর শহরের মীরজান আলীর ছেলে সাহেদ আহম্মেদ(৪০),

বাঁকা আশতলাপাড়ার আলম হোসেনের ছেলে ফুরকান আহম্মেদ(২৬),দেহাটি গ্র্রামের মৃত রবগুল শাহার ছেলে নাজমুল শাহা(২৮),আন্দুলবাড়ীয়ার বিশারত আলীর ছেলে ফরিদ উদ্দিন(৪০),জেহের আলীর ছেলে ফেতু মিয়া(৫০),ফেতু মিয়ার ছেলে রজব আলী মিয়া(২৬),মনোহরপুরের আব্দুল হান্নানের ছেলে লিয়াকত আলী(২৮),দেহাটি মাঝপাড়ার মৃত বারেক মুন্সীর ছেলে আব্বাস উদ্দিন মোংলা(৪৭) এবং দেহাটি কাজলাপাড়ার আনসার আলীর ছেলে নাসিরুল ইসলাম(২৮)।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,গ্রেফতারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে সচেতন মহল আশা প্রকাশ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *