আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটির হাতে সরকারি নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।
ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের হাতে নিবন্ধন সনদ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামান, সংগঠনের সেক্রেটারি জহিরুল হক, নির্বাহী সদস্য শিমুল হোসেন, শামিম সরোয়ার ভুটার, আশরাফুল ইসলাম লিংকন ও সুরুজ হোসেন।
সনদ হস্তান্তর অনুষ্ঠানে উপ-পরিচালক মোমিনুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের দর্পণ। আমরা আশা করি, ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ কেবল নিবন্ধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং ঝিনাইদহের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। সমাজসেবা অধিদপ্তর সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।”
সংগঠনটির নির্বাহী পরিচালক সাব্বির হোসেন জানান, ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ মূলত প্রান্তিক মানুষের শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ, সুপেয় পানি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক অধিকার নিয়ে কাজ করবে। সমাজসেবা অধিদপ্তরের এই স্বীকৃতি তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং মানবকল্যাণমূলক কর্মকা-ে নতুন উদ্দীপনা যোগাবে।
তিনি আরও বলেন, “আমরা একটি মানবিক, সচেতন ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করতে চাই। সমাজের অন্ধকার দূর করে মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”