জীবননগর অফিস:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)”–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃতি সন্তান মাহমুদুল হাসান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
মাহমুদুল হাসান ভূঁইয়া জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আশতলা পাড়ার বসতিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনের পুত্র। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও শিক্ষার্থীবিষয়ক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মাস্টারদা’ সূর্যসেন হলের একজন আবাসিক শিক্ষার্থী।
শিক্ষাজীবনের পাশাপাশি নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কারণে ডুসাকের সভাপতি হিসেবে মাহমুদুল হাসান ভূঁইয়ার নির্বাচিত হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং জেলা-ভিত্তিক ঐক্যকে আরও সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুস সাকিব নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। দায়িত্বশীলতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর কারণে তিনিও শিক্ষার্থীদের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
সংগঠনের দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন,“ডুসাক শুধু একটি সংগঠন নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের একটি পরিবার। জেলা থেকে আগত নতুন শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে, তাদের একাডেমিক ও ব্যক্তিগত যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানো এবং একটি সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন,“চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মেধা, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও সমৃদ্ধভাবে তুলে ধরতে আমরা কাজ করবো। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুস সাকিবও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ডুসাককে একটি আধুনিক, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি একযোগে কাজ করবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, সাংস্কৃতিক বন্ধন এবং জেলার শিক্ষার্থীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ডুসাক। প্রতি বছর নবীনবরণ, ক্যারিয়ারবিষয়ক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাসহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়।
ডুসাকের নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়ার পর জীবননগরসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় শিক্ষার্থীরা মনে করছেন, তাদের নেতৃত্বে ডুসাক ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত হবে।