বড়লেখায় ‘পার্টনার কংগ্রেস’-২০২৬ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

অলিউর রহমান বড়লেখা (মৌলভীবাজার):-
মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “পার্টনার কংগ্রেস-২০২৬” এবং কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস ও মেলার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার পিএফএস (PFS) ও নন-পিএফএস (Non-PFS) সদস্যসহ বিপুলসংখ্যক কৃষক প্রতিনিধি অংশ নেন।

​“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিটু।

​বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জালাল উদ্দীন সরকার ও মোঃ মনোয়ার হোসেন।

​কংগ্রেসে বক্তারা টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের মাঠপর্যায়ে যুগোপযোগী প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সফল কৃষক প্রতিনিধি এবং কৃষি বিভাগের স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় আধুনিক বিভিন্ন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হয়, যা উপস্থিত কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *