ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের প্রত্যয়
বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” শ্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।
উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, ভূমি মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সেমিনারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও আধুনিক ভূমি সেবা কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, সরকারের অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ফলে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা এখন দ্রুত ও সহজে অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসছে এবং সাধারণ মানুষ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। ফলে সরকারি সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (ডিডিএলজি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হওয়া এই তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ, অনলাইন আবেদন প্রক্রিয়া, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান এবং ডিজিটাল সেবা বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রদান করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।