সভাপতিত্ব করেন এমপি প্রধান অতিথি সিভিল সার্জন!
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার বর্তমান অবস্থা, রোগীদের সেবার মান বৃদ্ধি, চিকিৎসক ও জনবল সংকট, জরুরি বিভাগে সেবার গতি বাড়ানো, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও হাসপাতালে আগত রোগীদের জন্য আরও মানবিক ও কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, “সরকার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, “জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন,পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফিরোজ হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি,জামায়াতে ইসলামীর নায়েবে আমির বেলাল হোসেন ও শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন,জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর এবং শিক্ষক ইব্রাহীম খলিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডা. শ্যামল কুমার,মেডিকেল অফিসার ডা.প্রভা, ডা হিমু এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান। সভা শেষে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।