জীবননগর অফিস:-
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এবং “স্মার্ট ভূমি সেবায় ভূমি মেলা, নিশ্চিত হবে জনবান্ধব ভূমি অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এসময় তিনি বলেন, বর্তমান সময়ে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা সহজ হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল সেবার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুল আলম রাসেল। তিনি বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে নাগরিকরা যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পান, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে নামজারি, ই-নামজারি আবেদন, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইন রেকর্ড সংশোধন, জমি সংক্রান্ত তথ্যসেবা ও অভিযোগ নিষ্পত্তি বিষয়ে সরাসরি সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে তাৎক্ষণিক দিকনির্দেশনা দিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, জাকির উদ্দীন মোড়ল, সাখাওয়াত হোসেন, ফিরোজ হোসেন, মাহফুজুর রহমান, আবু বক্কর এবং মো. রিপন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এ মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সাধারণ জনগণের জন্য ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা উন্মুক্ত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।