জীবননগর কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, জীবননগর:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সীমান্ত ইউনিয়ন পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সীমান্ত ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও মেধা অন্বেষণসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে নিজেদের প্রতিভা ও দক্ষতার পরিচয় দেয়। দিনব্যাপী প্রাণবন্ত আয়োজনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানটি পরিচালিত হয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ইউনিয়ন কমিটির সভাপতি মো: আবিদ আজাদ-এর দিকনির্দেশনায়। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সদস্য সচিব খাজা আহম্মেদ।
মাঠ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মো: জাহাঙ্গীর হোসেন, মোঃ মাহবুব হোসেন, মো: আবুবকর সিদ্দিক, মো: কামাল হোসেন এবং হাছিনা খাতুন।
এদিকে মেধা অন্বেষণের কুইজ পর্ব অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করেন ৩৪ নং বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বাবর আলী এবং মো: আরিফ হোসেন।
এছাড়া ভেন্যু প্রতিষ্ঠান কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষক-কর্মচারীরা শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনায় নিরলস পরিশ্রম করেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *