জীবননগরে চোলাই মদ ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা হয়েছে ২ লিটার চোলাই মদ ও ২০ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে ) বিকেল থেকে রাত পর্যন্ত জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের দেহাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে দেহাটি গ্রামের মসজিদপাড়া এলাকা থেকে মৃত মজিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৯) এবং মৃত আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিনকে (৬৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম করে মোট ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই অভিযানে দেহাটি গ্রামের মৃত ইউনুস সাহার ছেলে রসুল সাহাকে (৩৫) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক তিনজনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও নির্ধারিত সময়ের কারাভোগের আদেশ দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, বিক্রি ও সেবন রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসনের ধারাবাহিক এমন অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *