চুয়াডাঙ্গা প্রতিনিধি:
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ—নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর চুয়াডাঙ্গা স্টেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন লুৎফুন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন করা হয়। পরে স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগুন লাগা, সড়ক দুর্ঘটনা, ভবন ধস, নৌদুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির সদস্যরা জীবনবাজি রেখে মানুষের পাশে দাঁড়ান।
তিনি আরও বলেন, সরকার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, আধুনিক উদ্ধার সরঞ্জাম সংযোজন এবং জনবল বৃদ্ধির মাধ্যমে এ বাহিনীকে আরও সক্ষম করে তুলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিনহাজুল ইসলাম, স্টেশন অফিসার ওহিদুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহ আলম সনি।
বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের কার্যক্রম শুধু অগ্নিনির্বাপণের মধ্যেই সীমাবদ্ধ নয়। সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার, নৌ ও পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার, ভূমিকম্প বা ভবন ধসের মতো দুর্যোগে উদ্ধার অভিযান এবং জরুরি চিকিৎসা সহায়তা প্রদানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অগ্নি নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা, মহড়া, সরঞ্জাম প্রদর্শনী এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র।