এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন জীবননগর সীমান্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাও. আবু বক্কর

জীবননগর অফিস:-

পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়নে অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক।

সম্প্রতি সীমান্ত ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় ২৫ জন এতিম শিশুর হাতে নতুন জামা-প্যান্ট, হিজাব ও জুতা তুলে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সবার মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
আয়োজক সূত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া ও এতিম শিশুদের ঈদের আনন্দে শামিল করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনেক শিশুই আর্থিক সংকটের কারণে ঈদে নতুন পোশাক থেকে বঞ্চিত হয়। তাদের মুখে সামান্য হাসি ফোটানোর লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক।
এসময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন মেদিনীপুর এলাকার সমাজসেবক মোঃ আব্দুল ওয়াহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্যকালে মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, “ঈদের আনন্দ শুধু সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের মুখেও যেন ঈদের হাসি ফুটে ওঠে, সেটিই আমাদের প্রত্যাশা। মানবসেবামূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *