জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপসহ তাছিম হোসেন ওরফে আকাশ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক তাছিম হোসেন ওরফে আকাশ জীবননগর উপজেলার হরিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর থানার একটি টিম জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় বাসস্ট্যান্ডের নিউ মডার্ন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত এক যুবককে তল্লাশি করা হয়। পরে তার হেফাজত থেকে ৪৮ বোতল অবৈধ ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে ওই যুবক এলাকায় নিয়ে এসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সচেতন মহল জীবননগরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।