আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
ঝিনাইদহ জেলার মহেশপুর থানার রুলী এলাকায় অভিযান চালিয়ে ৪১৮ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।
র্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আওতায় র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুন) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মহেশপুর উপজেলার রুলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪১৮ বোতল অবৈধ স্কাফ সিরাপ, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রাকিব আহম্মেদ আলীফ (২৪), পিতা মো. শাহাজান আলী, গ্রাম-যাদবপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে এবং উদ্ধারকৃত আলামত মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইয়ামীম মুবিন সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি।”