বারেক আলী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এম কে মাধ্যমিক বিদ্যালয় রানারআপ
অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:-
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’Ñএই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে ঝিনাইদহের মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
‘অভাব নয়, সীমাহীন লোভ ও হীন মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ’Ñশীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় ঝিনাইদহ সদর উপজেলার চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা তথ্য, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে দুর্নীতির কারণ, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা তুলে ধরেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় বারেক আলী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং এম কে মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুর আমিন, মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুন্ডুসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দুপ্রকের নেতৃবৃন্দ এবং সুধীজন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মতে, দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্মই ভবিষ্যতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নীতিনিষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে।