আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ। রোববার (২৮ জুন) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ম্যাচের আয়োজন করেন সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মাজেদুল ইসলাম মাজু।
বিশ্বকাপের উন্মাদনায় মুখর এ ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের দুটি দল নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকে। পরে ট্রাইব্রেকারেও ৩-৩ গোলের সমতা বজায় থাকায় শেষ পর্যন্ত উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে ম্যাচের সামগ্রিক ফলাফল দাঁড়ায় ৪-৪।
ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় দুই হাজার ফুটবলপ্রেমী, স্থানীয় ক্রীড়ানুরাগী ও দর্শক। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা রেফারি গণেশ কুমার বিশ্বাস।
ম্যাচের উদ্বোধন করেন সদও উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলী, বিএনপি নেতা বিল্লাল হোসেন, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি বিল্লাল মিয়া, ছাত্রদল নেতা আকাশসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও স্বেচ্ছাসেবীরা। প্রাণবন্ত ধারাভাষ্যের মাধ্যমে ম্যাচে ভিন্নমাত্রা যোগ করেন কেরামত আলী।
আয়োজক মাজেদুল ইসলাম মাজু বলেন, চলমান “বিশ্বকাপকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।”
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের খোরাকই জোগায় না, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, সচেতন ও খেলাধুলামুখী সমাজ গড়ে তুলতেও এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।