জীবননগরে ভৈরব সাহিত্য সংসদের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

জীবননগর অফিস:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব সাহিত্য সংসদের উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় উপজেলার পিয়ারাতলা শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ভৈরব সাহিত্য সংসদের সভাপতি ইছাহক আলী। পরে পিয়ারাতলা শিশু একাডেমি, শিশুকুঞ্জ মডেল একাডেমি এবং সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইছাহক আলী বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, মানুষের জীবন ও পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং পরিচর্যার উদ্যোগ নিতে হবে। ভৈরব সাহিত্য সংসদ প্রতিবছর এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, একটি গাছ রোপণ করাই যথেষ্ট নয়; গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে সেটিকে বড় করে তোলাও সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভৈরব সাহিত্য সংসদের সহ-সভাপতি মো. মাজেদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সম্পাদক ও কবি-সাংবাদিক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবি আরিফুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক কবি সোহেল রানা, কবি হাফিজুর রহমান, হাসাদাহ শিশুকুঞ্জ একাডেমির প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন, সানফ্লাওয়ার শিশু কুঞ্জ মডেল একাডেমির প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ স্থানীয় শিক্ষাবিদ, সাহিত্যপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা।


এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেন আলীপুর নার্সারির স্বত্বাধিকারী এবং ভৈরব সাহিত্য সংসদের সদস্য কবি আওলাদ হোসেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা হয় এবং প্রত্যেককে বিতরণকৃত চারাগুলো নিজ নিজ বাড়িতে রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।
আয়োজকদের মতে, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতিবছর এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *