ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায়  ঐ শিক্ষিকা বাদি হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ত্রিমোহনীতে। লিখিত অভিযোগে জানাযায়, উত্তর নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইয়াসমিন মঙ্গলবার সন্ধার পর নিজ বাসায় অবস্থান করছিলেন এমন সময় তার নিজস্ব মালিকাধীন হিরা অটো রাইস মিলের যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছিলো একই এলাকার আব্দুস সালাম মিয়ার সন্ত্রাসী পুত্র শিপন মিয়াসহ ৬/৭ জন সন্ত্রাসীরা। তিনি বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে। সেসময় তিনি দৌড়ে আরশাদ আলীর চাউলের আড়তে গিয়ে প্রান বাঁচান। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। স্থানীয় লোকজন ছুটে আসলে চলে যায় তারা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
এঘটনায় বুধবার বিকালে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসী শিপনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরূদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকা ফারজানা ইয়াসমিন।উল্লেখ্য, সন্ত্রাসী শিপনের বিরূদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *