জীবননগরে ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদণ্ড

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাখারিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে জীবননগর থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংক্ষিপ্ত বিচারের আবেদন করা হলে আদালত সামারি ট্রায়ালে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার একটি টহল দল শাখারিয়া গ্রামের চ্যাংখালী রোডের চিংড়ীখালী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি উপজেলার খয়েরহুদা গ্রামের মো. শিহাব (২০)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত প্যান্টের ডান পাশের পকেট তল্লাশি করে সাদা কাগজে মোড়ানো ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ডিজিটাল পরিমাপক যন্ত্রে ওজন করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫০ টাকা।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোমবার (১৩ জুলাই) জীবননগর থানার প্রসিকিউশন নং-০৫/২৬-এর মাধ্যমে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত), আমলী আদালত, জীবননগরে অভিযোগ দাখিল করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জীবননগর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *