শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এবং ওসি (তদন্ত) এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালসার গ্রামের চিহ্নিত মাদক কারবারি ইসরাফিলের বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ইসরাফিলসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ৫০০ পিস ভারতীয় অবৈধ ইনজেকশন, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৩২ হাজার টাকা।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক, মানবপাচার ও সব ধরনের চোরাচালান রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী মহেশপুর এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।