শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
সভায় রথযাত্রা উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, রুট ব্যবস্থাপনা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য চুয়াডাঙ্গার ঐতিহ্য। সেই ঐতিহ্য অক্ষুণ্ন রেখে রথযাত্রা যাতে আনন্দ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, রথযাত্রার নির্ধারিত রুটজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
পুলিশ সুপার আরও বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রথযাত্রা উদযাপন সম্ভব। এ ক্ষেত্রে জেলা পুলিশ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, রথযাত্রা আয়োজন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা জেলা পুলিশের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে রথযাত্রা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।