ঝিনাইদহ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আজ (২৬ জুলাই) রোববার ঝিনাইদহে অনুষ্ঠিত হবে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা, সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে এই আয়োজন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকালে শহীদ রকিবুল ইসলাম ও শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত এবং তাঁদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর দুপুর ২টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ‘জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতা’।
বিকেল ৩টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মূল পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হবে। পদযাত্রা শেষে পায়রা চত্বরে আয়োজিত পথসভা ও সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সেখানেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
উক্ত সমাবেশ ও কর্মসূচিতে অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সাবেক উপদেষ্টা ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু, সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জানান, তাদের এই কর্মসুচি ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ কর্মসূচিতে উপস্থিত থাকতে আগ্রহ দেখাচ্ছে। ফলে বিপুল সমাগমের আশা করছেন তিনি।