ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নামে ‘শোকাবহ আগস্টের’ পোস্টার

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায় ‘শোকাবহ আগস্ট’ উপলক্ষে একটি পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১০ আগস্ট) ভোররাতে ওয়াজির আলী স্কুলের সীমানাপ্রাচীরে কে বা কারা পোস্টারটি সাঁটিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পোস্টারটি সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম শফিকুর ইসলাম অপুর বাড়ির পশ্চিম পাশে এবং জেলা বিএনপির কার্যালয়ের সামনে সাঁটানো হয়।

পোস্টারে লেখা রয়েছে, ‘শোকাবহ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’ এছাড়া পোস্টারে আরও লেখা রয়েছে, ‘শোকই শক্তি, শোকই অঙ্গীকার, ভুলব না কখনো আমরা তোমাকে, আজীবন শোকাবহ আগস্ট।’

স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে স্কুলের সীমানাপ্রাচীরে পোস্টারটি দেখতে পান তারা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মো. মোরসালিন উজ্জামান সাব্বির পোস্টারটি সাঁটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদউজ্জামান বলেন, ‘ভোররাতে কে বা কারা পোস্টারটি সাঁটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

পুলিশ আরও জানিয়েছে, পোস্টার সাঁটানোর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *