জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইজিবাইক মালিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় ইজিবাইক মালিকদের মতামত ও ঐকমত্যের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. ইউনুচ আলী আহ্বায়ক এবং মো. সুমন মিয়া সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। মো. রবগুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আহমেদ মুসা, মো. শরিফুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. সুজন হোসেন কিরণ, মো. রিপন মিয়া, মো. রিপন হোসেন, মো. জাহাঙ্গীর আলম বাবু ও মো. আজিজুল হক।
সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি জীবননগর উপজেলার ইজিবাইক মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে কাজ করবে। পাশাপাশি ইজিবাইক চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহনের বৈধ কাগজপত্র ও নিবন্ধন সংক্রান্ত বিষয়ে মালিকদের সচেতন করা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত আহ্বায়ক মো. ইউনুচ আলী বলেন, “ইজিবাইক মালিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে আমরা কাজ করতে চাই। জীবননগরে ইজিবাইক চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার পাশাপাশি মালিকদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”তিনি কমিটির কার্যক্রম সফল করতে সকল ইজিবাইক মালিকের সহযোগিতা কামনা করেন।