জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরর উপজেলায় পারিবারিক কলহের জেরে ১0 মাস বয়সী কন্যা শিশুকে বিষাক্ত কীটনাশক খাইয়ে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে শিশুটির মায়ের বিরুদ্ধে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃগমারী গ্রামের ঈদগাঁহ পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় শিশুটির দাদি বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,রোববার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিন (৩৫) ও তার স্ত্রী সোনীয়া খাতুনের (৩০) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও লাঠি দিয়ে মারামারি হয় বলে প্রতিবেশীরা জানান।
পরে আল আমিন বাড়ি থেকে বের হয়ে গেলে সোনীয়া খাতুন ঘরে থাকা ১০ মাস বয়সী মেয়ে আনিকা খাতুনের মুখে ঘাসপোড়া হিসেবে ব্যবহৃত কীটনাশক ঢেলে দেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি দেখতে পেয়ে শিশুটির দাদী এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে ধাক্কা দেওয়া হলে তিনি আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরবর্তীতে তাহাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয়দের ভাষ্য,স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ এবং শিশুটিকে বিষ খাওয়ানোর অভিযোগের প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দাম্পত্য জীবনে কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে শিশুটি বর্তমানে ভাল আছে বলে জানা গেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। অন্যদিকে শিশুটির মা সোনিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।