আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতি বিষয়ের অভিজ্ঞ অধ্যাপক মো: রেজাউর রহমান কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ পদে পদায়িত হয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২ শাখা) থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই পদে রদবদল ও পদায়নের নির্দেশ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনের ৫ নম্বর ক্রমিকে বর্ণিত তথ্য অনুযায়ী, অর্থনীতি বিষয়ের অধ্যাপক মো: রেজাউর রহমান (পরিচিতি নং- ১৩০৫৯) ইতিপূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওএসডি কর্মকর্তা হিসেবে ঝিনাইদহের কেশবচন্দ্র কলেজে সংযুক্ত ছিলেন। তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে শীর্ষ পদে পেয়ে আনন্দিত কোটচাঁদপুরের সর্বস্তরের মানুষ ও শিক্ষা অনুরাগী মহল।
স্থানীয় সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন অনার্স কলেজের শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক পরিবেশকে আরও সুসংহত এবং সমৃদ্ধ করবে।