জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি (DAP) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সরকারি সার মজুদ ও বিক্রির অভিযোগে শুক্রবার(২৫ সেপ্টেম্বর)বিকেলে এ অভিযান চালানো হয়।পুলিশ ঘটনাস্থল থেকে রাত সাড়ে ৭ টার দিকে জব্দকৃত সার উদ্ধার করে থানা হেফাজতে নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,শুক্রবার বিকেল সাড়ে ৫ টার জীবননগর-দত্তনগর সড়কের মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানের গুদাম ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।
প্রশাসন সূত্র জানায়, মেসার্স শান্তনা এন্টারপ্রাইজের মালিক মো.আবুল কালাম আজাদ। প্রতিষ্ঠানটির সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও সেখানে সরকারি সার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার জব্দ করে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে মজুদ বা বিক্রি করার সুযোগ নেই। জব্দ করা ৪০৩ বস্তা ডিএপি সার বিশেষ ক্ষমতা আইনের আওতায় আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানে জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি)সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,সরকারি সার অবৈধভাবে মজুদ,কালো বাজারি কিংবা নিয়ম বহির্ভূতভাবে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।