ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হওয়া রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন অংশ ও একটি হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। বিরতি শেষে ট্রেনটি স্টেশন ছাড়ার সময় রাবেয়া খাতুন ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তাঁর পা পিছলে যায়। তিনি প্ল্যাটফর্ম থেকে রেললাইনের নিচে পড়ে গেলে ট্রেনের চাকায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা বিষয়টি রেলস্টেশন কর্তৃপক্ষকে জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রাবেয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়।
পরে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় রেলস্টেশন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ ও ট্রেনে ওঠার সময় নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।