অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে মো. সুজন মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহেশপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. সুজন মিয়াকে আটক করা হয়। পুলিশ জানায়, আটকের সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পরে আটক সুজন মিয়াকে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টে হাজির করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় মামলা নম্বর—মহেশ মিস ১০২/২৬।
দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান বলেন, মহেশপুর থানা এলাকাকে মাদকমুক্ত রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।