জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি ছোট মাইক জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।
সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে এ অভিযান চালায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপির একটি টহল দল।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের যাত্রীছাউনির সামনে অভিযান চালিয়ে সেলিম হোসেনকে আটক করা হয়। তিনি জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সদরপাড়ার বাসিন্দা।
অভিযানকালে তাঁর ব্যাটিচালিত ভ্যানের সামনে লাগানো সাদা রঙের ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৪৭ দশমিক ৫১ গ্রাম। বিজিবির হিসাবে, স্বর্ণগুলোর জব্দমূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা। এ ছাড়া ভ্যান ও মাইকসহ জব্দ করা সব মালামালের মোট জব্দমূল্য ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা।
পরে আটক সেলিম হোসেনকে উদ্ধার করা স্বর্ণ ও জব্দ করা মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।