বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চাঁদাবাজির প্রতিবাদ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায়
হাকিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ মে) রাত সাড়ে
৮টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ হামলা চালায় স্থানীয় একটি চাঁদাবাজ চক্র।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী খেলাফত বিশ্বাসকে রাস্তায় একা পেয়ে ঘিরে ধরে। এরপর তারা তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
হামলার পরপরই পরিবারের সদস্যরা তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামলার পেছনে কারণ সম্পর্কে জানা যায়, গোবিন্দপুর গ্রামের একটি মাঠে সম্প্রতি স্থাপিত একটি সোলার প্যানেল কে বা কারা নষ্ট করে ফেলে। ঘটনাস্থলে কাউকে না পেলেও
স্থানীয়ভাবে গঠিত সালিশি কমিটি কোন তদন্ত ছাড়াই নিরীহ কৃষক আরিফ মন্ডলকে দোষী সাব্যস্ত করে এবং দুই লাখ টাকা জরিমানা ধার্য করে।
ইউপি সদস্য খেলাফত বিশ্বাস এই একতরফা ও অবিচারমূলক সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং তা গণমাধ্যমে তুলে ধরেন।
এ ঘটনার পর থেকেই তিনি হুমকির মুখে ছিলেন বলে পরিবারের অভিযোগ।
হামলার ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজ চক্রের প্রধান উসমান মন্ডল ও তার সহযোগীদের।
পরিবারের দাবি, এর আগেও গত শুক্রবার একই চক্র আরিফ মন্ডল, তার ভাই ও বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়েছিল।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের ওপর হামলার বিষয়টি আমরা জেনেছি।
তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”সুশীল সমাজ এবং সাধারণ মানুষ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের
দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর মতে, স্থানীয় চাঁদাবাজ চক্রের
বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান না নিলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।