জীবননগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও আল আমীন আজ যারা জীবননগরের গর্ব, ভবিষ্যতে তারা হবে দেশের গর্ব

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার   জীবননগর   উপজেলায়   এসএসসি ও   এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল   অর্জনকারী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।   সোমবার   (২৮ জুলাই) সকাল ১০ টায় জীবননগর

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGS) স্কিমের আওতায় জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. দিলআরা চৌধুরী।

সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, হাসাদাহ কামিল মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান, জীবননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, ও জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত  ছিলেন, জীবননগর প্রেসক্লাবের  আহ্বায়ক  দৈনিক  আজকের পত্রিকার ও এনটিভি অনলাইনের প্রতিনিধি মো. রিপন হোসেন এবং দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুকসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও শিক্ষক-অভিভাবকেরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল আমীন বলেন,এ পি জে আব্দুল কালাম বলেছেন,যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তবে সূর্যের মতো পুড়তে শেখো। আজ তোমরা যে কৃতিত্ব অর্জন করেছো,

তা দীর্ঘ সময়ের পরিশ্রমের ফল। ভবিষ্যতেও তোমাদের অধ্যবসায় ও নিষ্ঠা অব্যাহত রাখতে হবে। শুধু জীবননগর নয়, তোমরা একদিন জেলা, এমনকি দেশ-বিদেশেও নেতৃত্ব দিবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন সংবর্ধনা  শিক্ষার্থীদের  উৎসাহ ও অনুপ্রেরণাকে  আরো জাগ্রত করতে পারে। আজ যারা জীবননগরের গর্ব, আগামী দিনে তারা হবে দেশের গর্ব। এই শিক্ষার্থীদের মধ্যে থেকেই ভবিষ্যতের নেতা, গবেষক ও নীতি নির্ধারক তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, আজকের এ স্বীকৃতি যেন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে। ভবিষ্যতের পথ চলায় তারা যেন জীবননগরের ভালো দিকগুলো মনে রাখে এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখে।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *