জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের ব্যস্ততম দৌলৎগঞ্জ-মুক্তিযোদ্ধা সড়কে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১১টা ৫০ মিনিটে উপড়ে পড়ে শতবর্ষী একটি
মেহগনি গাছ। এতে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার ফলে গাছটির নিচে চাপা পড়ে দুটি দোকান, একটি ভ্যান ও একটি মোটরসাইকেল। সৌভাগ্যক্রমে
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গাছটির বয়স শত বছরেরও বেশি ছিল এবং দীর্ঘদিন ধরে শিকড় পচে দুর্বল হয়ে
পড়েছিল। ভারী বৃষ্টিপাতের কারণে মাটি নরম থাকায় গাছটি হঠাৎ বিকট শব্দে উপড়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জীবননগর পল্লী বিদ্যুৎ
সমিতির সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন,ছটির নিচে চাপা পড়ে বিদ্যুতের একটি খুঁটি
মাঝখান থেকে ভেঙে গেছে এবং ট্রান্সফরমার মাটিতে পড়ে গেছে। আরও দুটি খুঁটিরও ক্ষতি
হয়েছে। মেহেরপুর থেকে বিশেষ টিম আসছে এবং আমাদের কর্মীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনে কাজ করছে।”
দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গাছ
অপসারণে কাজ শুরু করে। স্টেশন অফিসার তুষার বলেন,“৯৯৯ থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে
পৌঁছাই। আমরা দ্রুত সড়ক থেকে গাছের ডালপালা অপসারণ করেছি। সম্পূর্ণ গাছ সরানোর কাজ চলছে,
যাতে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা যায়।”
ক্ষতিগ্রস্ত দোকানদার রমেন বিশ্বাস জানান,“গাছ পড়ে আমার দোকানের টিনের চাল ও সামনে গেটের কিছু
অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।”
এ বিষয়ে জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পলাশ হোসেন বলেন,এই
সড়কের পাশে আরও কয়েকটি পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের কাছে দাবি জানাই—এসব
গাছ দ্রুত কাটার ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে বড় দুর্ঘটনা না ঘটে।”
এদিকে, স্থানীয়রা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি এবং দুর্বল মাটির কারণে আরও গাছ পড়ে যাওয়ার আশঙ্কা
রয়েছে। তারা পুরনো গাছগুলো পরীক্ষা করে ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।