আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঝিনাইদহ জেলা শাখা। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা জামায়াতের
আলহেরা অফিস মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে। জেলা ছাত্রশিবির সভাপতি মো. আরিফ হোসেন এর
সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো.
ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি
মাহমুদুল ইসলাম এবং ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আযম মোহাম্মদ আবু বকর।
সভাপতির বক্তব্যে আরিফ হোসেন বলেন,“আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।
জ্ঞান, চরিত্র ও আদর্শে তাদের গড়ে তুলতে ছাত্রশিবির সবসময় পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের
প্রত্যাশার চেয়েও বেশি শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি এই আয়োজনকে সফল করেছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থী ও তাদের
অভিভাবকরা আনন্দে আপ্লুত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।