বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজমেহর গ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রতিবাদী বক্তব্য দেওয়ায় দৈনিক যুগান্তর–এর নারী সাংবাদিক আখিনুর
আক্তার হামলার শিকার হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) রাতে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর সাংবাদিক মহল, স্থানীয় সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠন এ হামলার তীব্র নিন্দা
জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি আখিনুর আক্তার তার ফেসবুক অ্যাকাউন্টে এলাকায় মাদকের বিস্তার
ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে প্রতিবাদমূলক স্ট্যাটাস দেন। এর জের ধরেই একটি প্রভাবশালী মাদক
ব্যবসায়ী চক্র তার ওপর ন্যাক্কারজনক হামলা চালায়।
হামলার ঘটনায় সাংবাদিক আখিনুর আক্তার গুরুতর আহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
তবে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পরিবার জানিয়েছে।
বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে,একজন সাংবাদিক যখন
সমাজের ক্যান্সার মাদকের বিরুদ্ধে মুখ খোলেন, তখন তার পুরস্কার হয় হামলা, হুমকি ও ভয়ভীতি।
এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।”
সাংবাদিক নেতারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেট প্রায়ই স্থানীয় প্রশাসনের একটি
অংশের আশ্রয়-প্রশ্রয়ে টিকে থাকে। ফলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদীরা নানা রকম হয়রানি ও হুমকির
শিকার হন। এ ধরনের হামলা শুধু একজন সাংবাদিক নয়, পুরো সমাজকেই ভয় দেখানোর চেষ্টা।
ভুক্তভোগী সাংবাদিক আখিনুর আক্তারকে সাহসী ও নির্ভীক কণ্ঠস্বর হিসেবে অভিহিত করে বক্তারা বলেন
“তিনি শুধু একজন সাংবাদিক নন, তিনি সমাজের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা এক সাহসী নারী।
আমরা তার পাশে আছি। মাদকের বিরুদ্ধে
প্রতিবাদকে কোনোভাবেই দমন করতে দেওয়া যাবে না।
এ ঘটনায় এখনো মামলা হয়েছে কি না, অথবা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে কি না—তা জানা
যায়নি। তবে স্থানীয়রা দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।